আবারো হামলার শিকার হলে প্রত্যাশার চেয়ে কঠিন প্রতিশোধ নেবে ইরান: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে দেশটি আরও কঠোর প্রতিশোধ নেবে।
 

শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন কোনো হামলার জবাব শত্রুদের প্রত্যাশার বাইরে যাবে এবং কৌশলগত প্রতিরোধ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, “শত্রুপক্ষ বা এই দেশের বিরুদ্ধ শক্তির যেকোনো নতুন আগ্রাসনের জবাব নিঃসন্দেহে তাদের প্রত্যাশার বাইরে হবে এবং তা কৌশলগত প্রতিরোধের পর্যায়ে পৌঁছাবে।”

আইআরজিসি আরও জানায়, ইরান যেকোনো নতুন আগ্রাসনের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। পশ্চিমা গণমাধ্যমে এমন খবর এসেছে যে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের কিছু ইরানি দ্বীপে সেনা নামাতে পারে, যাতে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা শিথিল করে।

বাহিনীটি দাবি করে, তারা এমনকি সম্ভাব্য আক্রমণকারীদের জন্য যুদ্ধবন্দী শিবির প্রস্তুত রেখেছে।ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত আপাতত থেমেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যান্য দেশের জাহাজ সমন্বয়ের মাধ্যমে চলাচল করতে পারছে।

আইআরজিসি বলেছে, চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ হলেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রণালি নিয়ন্ত্রণ করা “বিশ্বব্যাপী আধিপত্যবাদী শক্তির” বিরুদ্ধে ইরানের একটি নির্ধারিত কৌশল এবং এর মাধ্যমে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করা হবে—তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো এর বাইরে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.