বিয়ের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতা। গত শুক্রবার (০১ মে) ভোরে পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)। তাঁরা দুজনই রামগড় থানার পৃথক দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায়, বল্টুরামটিলা এলাকায় স্থানীয় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে ওই তিন নেতা সেখানে সমবেত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কনের গায়েহলুদ অনুষ্ঠান শেষে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। শুক্রবার ভোররাত চারটার দিকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলায় আদালতের পরোয়ানা ছিল। দীর্ঘ দিন তাঁরা পলাতক থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.