রাজশাহীর আম বাজারে আসার সময়সূচি ঘোষণা

রাজশাহীতে এ বছরের ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ মে থেকে আম পাড়া ও বাজারজাতকরণ শুরু হবে।
 

আজ রোববার (১০ মে) বিকাল সোয়া ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্ধারিত সময় চূড়ান্ত করা হয়।

ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়া শুরু হবে। ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাংগো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহীতে চলতি মৌসুমে ২ লাখ ৪৩ হাজার ৩৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ ৮ হাজার টাকার আম বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.