২৫৬ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি: সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 আজ সোমবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৫ জুন সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে অভিযুক্তরা প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি দুই কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, আলোচিত শেয়ারবাজার কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সাকিব আল হাসান। পরে তিনি বাজার কারসাজিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত ও প্রভাবিত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এর আগে, ২০২৪ সালের এপ্রিলে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে দুদকের দুর্নীতিবিরোধী প্রচারণা ও হটলাইন ‘১০৬’ উদ্বোধনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। তবে পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্কের জেরে ২০২২ সালে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি দুদক।

Leave A Reply

Your email address will not be published.