ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে

আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক থাকা ৯১ জেলে চারটি ফিনিশিং বোটসহ দেশে ফিরেছে। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতী কোস্টগার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গত রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্টগার্ডের ৯১ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার বেলা ১২টায় কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave A Reply

Your email address will not be published.