অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ের ঝলক দেখালেন নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারের। বিশাল লাফ দিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি।
আজ বুধবার ( ১০ জুন) প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার ঝুলিতে এখন ৫৩৫ রেটিং পয়েন্ট।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ৪১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদ। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড।
বাংলাদেশি বোলারদের মধ্যে বর্তমানে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ অবস্থান করছেন ৮ নম্বরে। এছাড়া তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন।
অন্যদিকে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে সুখবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলা তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। একই ম্যাচে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৯ নম্বরে।
ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।
এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় এক নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।