নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে একই উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পেশায় শিক্ষক, অন্যজন সিএনজি চালক।  তারা হলেন, জামাল মুন্সি (৫৫) ও সবুজ মিয়া (৫২)।আজ রোববার (১৪ জুন) সকালে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা নদীতে ও বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমতলা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক ও নান্টু মিয়ার ছেলে জামাল মুন্সি বৃষ্টি শুরু হলে সাপমরা নদীতে মাছ ধরতে যান। পরে বৃষ্টি শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নদীর পাড়েই পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময় রোববার সকালে বৃষ্টি চলাকালে কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে অটোরিকশা চালক সবুজ মিয়া বিলে পেতে রাখা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন।এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো আব্দুল মান্নান ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.