আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি বাড়ি ও মুদি দোকানেও ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।বুধবার (৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ শেষে রেফারিং নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ ছাড়া ৫ থেকে ৭টি বাড়ি এবং কয়েকটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনা ও মিসরের ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। পরে সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।

Leave A Reply

Your email address will not be published.