আগস্টের প্রথম সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশে গ্যাসের সংকট কিছুটা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট এ সংকট নিরসনে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আজ সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গ্যাস সংকটের কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির কারণে হয়েছে। তাৎক্ষণিক সমাধান দিতে না পারা আমাদের ব্যর্থতা। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।’

তিনি জানান, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট দেশীয় উৎপাদন থেকে আসে, বাকি অংশ আমদানি করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউতে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটি প্রথমে ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি মেরামতের আশা করলেও পরে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ এনে কাজ শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.