প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।
এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিলো। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরও গতি পেতে পারে।
এর মধ্যেই তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময় ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকারও করেনি