মামলা, হুমকি ও বসতভিটা নিয়ে বিরোধ—কুমিল্লার বরুড়ায় বিএনপি নেতা ও লন্ডনপ্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের পরিবারকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে তাঁদের হয়রানি করছেন।
পরিবারের দাবি, গত ১০ মার্চ বরুড়া আদালতে করা সিআর মামলা নম্বর ৭৫/২০২৬-এ ইকবালের স্ত্রী, বাবা ও পরিবারের আরও সদস্যসহ সাতজনকে আসামি করা হয়েছে। তাঁদের অভিযোগ, এর আগেও ২০১৫ ও ২০২২ সালে ইকবালের বিরুদ্ধে মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। ২০১৫ সালের মামলায় গত ডিসেম্বর ইকবালকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
পরিবারের অভিযোগ, বসতভিটার দখল নিয়ে আবু তাহেরের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ইকবালের বাবার ওপর চাপ দেওয়া এবং তাঁকে একাধিকবার হামলার শিকার করার অভিযোগও করেছে পরিবার। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ইকবালের পরিবার দীর্ঘদিন ধরে মামলা ও হামলার মধ্যে রয়েছে বলে তিনি জানেন।
এদিকে ইকবালকে দেশে ফেরার জন্য ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ করেছে পরিবার। দেশে না ফিরলে তাঁর স্ত্রী ও সন্তানকেও ক্ষতির মুখে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁদের। নিরাপত্তার কারণে স্ত্রী লিজা আক্তার ও সন্তানকে অন্যত্র ভাড়া বাসায় রাখা হয়েছে বলেও জানিয়েছে পরিবার।
হুমকির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর বরুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিজা আক্তার। জিডি নম্বর ২১৯০। পরিবারটি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা নিশ্চিত করা এবং বসতভিটা নিয়ে বিরোধের আইনগত নিষ্পত্তি দাবি করেছে। অভিযোগের বিষয়ে আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি।