রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে যেকোনো বাধা উপেক্ষা করে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরে (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাজধানী উপহার দিতে সরকার কাজ করছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।তিনি জানান, মিরপুরের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেসব স্থানেও অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো বাধাই নগর উন্নয়নের কার্যক্রম থামাতে পারবে না।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ডিএনসিসি সর্বোচ্চ সহযোগিতা করবে। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে রাজধানীকে আরও বাসযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নে কাজ করে যাবে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক।