ইরানে বাস দুর্ঘটনায় প্রাণহানি ১২, আহত ১৬

ইরানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জনের মৃত্যু ও ১৬ জন আহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে আবদনান ও দেহলোরান শহরের মধ্যবর্তী সড়কে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

সংস্থাটি স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি গ্যাস শোধনাগারের কর্মচারীদের বহনকারী বাসটি উল্টে গেলে ১২ জন প্রাণ হারান ও ১৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির সরকারি সংস্থা ইরানি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.