সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৫

সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারে নোঙ্গর করা একটি জাহাজে অগ্নিকাণ্ডে মারা গেছেন একজন। আহত হয়েছেন ১৫ জন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা ও জাহাজটির স্টাফ ছিলেন। তিনি জাহাজে ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা খবর পেয়ে এখানে আসি। তিনটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রাথমিক ভাবে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। সেটি তখন সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। তবে জাহাজে কোনো পর্যটক ছিল না।সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা থাকা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। তারা বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হয়।

যাত্রীদের নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.