হাসনাত আব্দুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৪ জামায়াতের প্রার্থী

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ। 

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন তিনি।

এর আগে বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট হিসেবে ঘোষণা দেন।

এ বিষয়ে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী জোট হওয়ায় কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি কুমিল্লা-৪ আসন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যেকোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি।’

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার নির্বাচনী প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। আমরা দ্বীন বিজয়ের আন্দোলনে সবাই এক সঙ্গে হয়ে কাজ করব।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘এনসিপি ও জামায়াতের জোট ঘোষণার পর কুমিল্লা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা মনে করি, এটি তার ব্যক্তিত্ব ও দলীয় মহৎ গুণ ফুটে উঠেছে। আমরা সবাই মিলেমিশে এক সঙ্গে দেবিদ্বারের উন্নয়ন চাই।’

Leave A Reply

Your email address will not be published.