যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ২১ রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের দাপটে যুক্তরাষ্ট্র থামে ১৩৭ রানে।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্রের নারীরা। কাঠমান্ডুর আপার মুলপানিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে আসে ২৬ রান। ৮ বলে ১৭ রান করে ওপেনার দিলারা আক্তার ফিরলে ভাঙ্গে সেই পার্টনারশিপ। সমান রানেই ক্যাচ দিয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

৬৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ধুকতে থাকে দল। তবে সোবহানা মোস্তারি স্কোরবোর্ডে যুক্ত করেন আরও ৩২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে অভিজ্ঞ শারমিন আক্তারের ব্যাট থেকে। নির্ধারিত ওভার শেষে স্বর্ণা আক্তারের অপরাজিত ১৬ রানে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে রাবেয়ার বলে কাটা পড়েন ২৩ রান করা দিশা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। স্কোরবোর্ডে তখন সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও তা শুধু হারের ব্যবধান কমাতে সাহায্য করে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩৭ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন নাহিদা আর ৩ উইকেট শিকার রিতুমনির।

বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, পাপুয়া নিউগিনির বিপক্ষে।

Leave A Reply

Your email address will not be published.