সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দু’জনই দেশের ক্রীড়াঙ্গনের সম্পদ; তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন আছে।
সাক্ষাৎকারে ইশরাক বলেন, তারা ক্রিকেটার, তাও যেন তেন ক্রিকেটার না বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আমি বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ এই বিষয়ে তাদের জবাব ইতোমধ্যেই একপ্রকার দিয়ে দিয়েছে, সমাজও দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় না তারা নির্দেশ দিয়ে কাউকে হত্যা করেছে বা বন্দুক হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করেছে।
তার বক্তব্যে স্পষ্ট, খুনের অভিযোগকে তিনি রাজনৈতিক বা অতিরঞ্জিত হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে অন্য অভিযোগের বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও সাকিবের খেলায় ফেরাকে রাজনৈতিক ইস্যু না করার ইঙ্গিত দেয়া হয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেন, সেটা (সাকিবের জাতীয় দলে খেলা) তার ফর্মের ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি। যে যোগ্য, সে অবশ্যই খেলবে।