বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আদালতের এজলাসে ভাঙচুরের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস একটি মামলায় অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতার জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির আহ্বানে মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করা হয়।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আইনজীবীদের একটি দল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করেছে এবং বিচার প্রার্থীদের বসার চেয়ার-টেবিল উল্টে ফেলে বিচারকার্য বন্ধ করে দিচ্ছে। এই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে।
আজ দুপুরে পুলিশ আদালত এলাকায় অভিযান চালিয়ে আইনজীবী সমিতির কার্যালয় থেকে সভাপতিকে আটক করে। এর প্রতিবাদে সাধারণ আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেছেন এবং আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরাও বর্তমানে বিচার কাজ বন্ধ রেখেছেন। বর্তমানে পুরো আদালত এলাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এই অভিযানের নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে সভাপতিকে আটক করেছে। আমরা এর প্রতিবাদে মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করছি।

Leave A Reply

Your email address will not be published.