রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী মিনু

জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহীকে শান্তির মহানগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু । 

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ফিরতে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শান্তি নিশ্চিত করা হবে।

আজ শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে রাজশাহীসহ সারাদেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। নিজেকে রাজশাহীর সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অহংকারমুক্ত থেকে সবার সহযোগিতায় উন্নয়নের ধারা এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। রাজশাহীতে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। হাইটেক পার্ককে আরও উন্নত করে তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে, যাতে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে রাজশাহী উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে। এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে গ্যাস সরবরাহসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “আমি জনগণের কথা বলি, জনগণের স্বার্থের কথা বলি। নিষ্ঠার সঙ্গে আমরা এগিয়ে যাব। আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন—সমালোচনাই আমাকে সংশোধনের পথ দেখাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু এবং একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান।

রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, অ্যাডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন। এর আগে নগরীর অপর একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave A Reply

Your email address will not be published.