ঝিনাইদহের ডিসিকে প্রত্যাহার

ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল্লাহ আল মাসউদকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হতে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

এর আগে, গত শুক্রবার ডিসি আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

ছড়িয়ে পড়া অডিওতে ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে কথা বলতে শোনা গেছে।

সেখানে তিনি ওই সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন।

ইউএনও বলেন, ‘একটা মানুষের যত খারাপ দোষ থাকে সব কিছুই তার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। তার কোনো চরিত্র নাই। লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না।’

তিনি আরও বলেন, ‘তিনি খারাপ লোক। তার সঙ্গে কি নাইট স্টে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলেন। আমি তাতে রাজি হয়নি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছেন।’

এ ঘটনায় কয়েক দিন আগে ইউএনও হোসনে আরাকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালায় বদলি করা হয়েছিল। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাতক্ষীরার তালা থেকে তাকে রাজশাহী বদলির আদেশ দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.