আতিফের কনসার্ট নিয়ে গু/জবে কান না দেয়ার আহ্বান

তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস আর সুরের স্রোতে শ্রোতাদের ডুবিয়ে দিতে আবারও ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই কনসার্টে ঢাকা মাতাবেন এই শিল্পী। তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তিকে জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। 

শিল্পী আসছেন না, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন গুজবে বিপাকে পড়েন আয়োজকরা। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তারা জানিয়েছেন, ভেন্যু সংক্রান্ত সব প্রস্তুতি, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ব্যবস্থা সাজানো হচ্ছে।
সকল বিভ্রান্তি ও গুজবে ইতি টেনে স্বয়ং আতিফ আসলাম নিজেই আয়োজকদের পাশে দাঁড়িয়েছেন। গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে তিনি আবারও ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। শুধুমাত্র এই কনসার্টটিতে অংশ নিতেই তিনি ঢাকায় আসছেন আতিফের এমন ঘোষণায় ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক-এর মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে। তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আমরা সবাইকে অনুরোধ জানাই, যেন তারা কোনো ধরনের গুজব ও বিভ্রান্তিতে কান না দেন।’

 

এমএইচএস/ন্যাশনালনিউস২৪

Leave A Reply

Your email address will not be published.