লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় ইউছুফ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি।
নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা ও স্থানীয় নাগমুদ বাজারের কনফেকশনারী ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকানে খুলে বসে ছিল। এরপরেই ইউছুফ এসে আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত ঝগড়া থেকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ইউছুফ পালিয়ে আছে। তাকে আটকের চেষ্টা চলছে।