হংকংয়ে একাধিক আবাসিক ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক : হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে।

পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন এবং অন্তত দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।

চায়না ডেইলির প্রতিবেদন মতে, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’ ৎ

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে বাঁশের ভারা রয়েছে। এজন্য আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.