মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’

নেত্রকোনা  শহরের ভেতর দিয়ে প্রবাহিত মগড়া নদীর ওপর দৃষ্টিনন্দন নেটওয়ার্ক স্টিল আর্চ সেতু দৃশ্যমান হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ  নাগড়া ও স্টেশন রোড এলাকায় পুরাতন জীর্ণশীর্ন বেইলী সেতু বাদ দিয়ে মগড়া নদীর ওপর এবার নির্মিত হচ্ছে ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’।

২০২৪ সালের জুলাই মাসে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধীন ব্রিজের কার্যাদেশ পায় কনক্রিট ষ্টীল এন্ড টেকনোলজি লিমিটেড । এরপর ২০২৫ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। যা শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের জুন মাসে।

সওজ সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদে ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে সড়ক বিভাগ। ৫৬ মিটার দৈর্ঘ্য এবং ফুটপাতসহ ১১ দশমিক ৮০ মিটার প্রস্থের সেতুতে নেই কোন পিলার। সিঙ্গেল স্প্যানের ব্রিজটিকে দেখে কেউ কেউ বলছেন ঝুলন্ত ব্রিজ। এতে নদীর নাব্যতাও থাকবে।

ঠিকাদার আব্দুল্লাহ আল ফারুক খান সনি জানান, বাংলাদেশে প্রথমবার ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ হচ্ছে নেত্রকোনায়। আপাতত স্টিলের স্ট্রাকচার শেষ হয়ে গেলেও শুধু ঢালাই বাকি রয়েছে। কার্যাদেশ অনুযায়ী আমাদের হাতে আরও ছয় মাস সময় আছে ,তবে আগামী ঈদুল আযহায় জনসাধারনের চলাচলের সুবিধার্থে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ফুটপাতসহ বাকি কাজ দ্রুত হয়ে গেলে দুটি গাড়ি অনায়াসে চলাচল করবে, যানজটের কোন সুযোগ থাকবে না।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন জানান, নদীর গতিপথ ঠিক রাখতেই এই সিঙ্গেল স্প্যানের ব্রিজ করা হচ্ছে। দুইপাশে ফুটপাত বাকী রয়েছে। এতে শহরের সৌন্দর্য্যবর্ধনসহ যানজট নিরসন করতে আমরা সক্ষম হবো। এই ব্রিজের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে এবং কাজের জন্য নদীর ভেতরে রাখা সব সরঞ্জাম অপসারণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.