এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে, মনোনয়ন বাতিল বহালেই থাকছে এনসিপির এই নেত্রীর। 
 

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

এদিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এছাড়া  বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করা হয়।

এনসিপির নেত্রীর অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশকিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। নিজেকে বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী বলেও জানান তিনি।

এর আগে, সরকারি চাকরি ছেড়ে আসার তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।এরপর রোববার (২৬ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের নির্বাচন কমিশন থেকে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.