সংসদ সদস্য ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর এক মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজের জানাজা প্রসঙ্গে তিনি বলেছেন, যারা তার জানাজা পড়াবে না বলে মন্তব্য করছেন, তারা ‘জামায়াতের লোক’।
 

শনিবার (৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর লোক। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব দরবেশ হুজুর আছেন। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না।’

তিনি আরও বলেন, ‘যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তাদের আমার আগেও নিয়ে যেতে পারেন।’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এই সংসদ সদস্য বলেন, রাজনীতি তার পেশাগত বা রাজনৈতিক পরিচয়ের অংশ হলেও ধর্মীয় বিশ্বাস ভিন্ন।তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কুরআনে বিশ্বাসী মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে।

এ সময় তিনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর অনুসারী বলেও দাবি করেন। তার ভাষায়, ‘আমার লাশ যখন মানুষের সামনে রাখা হবে, তখন জানাজা পড়ানোর মানুষের অভাব হবে না।’

তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পৃক্ত ইস্যু হিসেবে বিবেচনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.