ইংল্যান্ডে শতাধিক আসনে জয় মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের

ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে ইসলামপন্থি-সংশ্লিষ্ট চাপগোষ্ঠী ‘দ্য মুসলিম ভোট (টিএমভি)’ সমর্থিত ৫৭০ জনের বেশি প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের ‘অ্যাসপায়ার’ দলের প্রার্থীদেরসহ অন্তত ১০০ জন মুসলিম স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।এর আগে থেকেই বিভিন্ন কাউন্সিলে আরও কয়েক ডজন মুসলিম স্বতন্ত্র প্রতিনিধি দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ২০২৪ সালের নির্বাচনে চারজন মুসলিম স্বতন্ত্র এমপিও নির্বাচিত হন।

হেনরি জ্যাকসন সোসাইটির গবেষক এমা শুবার্ট প্রকাশিত তথ্যে বলা হয়, নির্বাচিত মোট কাউন্সিলরদের প্রতি ১০ জনে একজনের বেশি মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী।

স্থানীয় নির্বাচনে মোট ৫ হাজার ৬৬ জন কাউন্সিলর নির্বাচিত হন।

হেনরি জ্যাকসন সোসাইটির ফোরকাস্টিং দ্য মুসলিম সেক্টারিয়ান ওয়েভ শীর্ষক প্রতিবেদনে এমা শুবার্ট মুসলিম সেক্টারিয়ান বলতে এমন প্রার্থীদের বোঝান, যারা নির্বাচনী প্রচারণায় ‘মুসলিম সম্প্রদায়ের অভিযোগ’ কিংবা ‘আন্তর্জাতিক মুসলিম ইস্যু’কে রাজনৈতিক আকর্ষণের কেন্দ্রীয় বিষয় হিসেবে ব্যবহার করেছেন।প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী প্রার্থীদের মধ্যে ১৩২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ৩৫০ জন গ্রিন পার্টির হয়ে, ৮৪ জন লেবার পার্টির হয়ে এবং ছয়জন লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৬ দশমিক ৫ শতাংশ মুসলিম। ইংল্যান্ডে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে স্কটল্যান্ড ও ওয়েলসে মুসলিম জনসংখ্যা প্রায় ২ শতাংশ, আর উত্তর আয়ারল্যান্ডে তা মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ।

যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা গত দুই দশকে ধারাবাহিকভাবে বেড়েছে। ২০০১ সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যা ছিল ২ দশমিক ৭ শতাংশ, যা ২০১১ সালে বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৮ শতাংশে। বর্তমানে দেশটিতে মুসলিম জনসংখ্যা প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। রাজধানী লন্ডনে এ হার আরও বেশি, প্রায় ১৬ শতাংশ।-সূত্র: হাঙ্গেরিয়ান কনজারভেটিভ ও মিডল ইস্ট ফোরাম

Leave A Reply

Your email address will not be published.