সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ।

তিনি দাবি করেন, বিএনপি ও তার পূর্ববর্তী নেতৃত্ব সাংবাদিকবান্ধব নীতির মাধ্যমে গণমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত থাকবে। 

আজ শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ ও হস্তক্ষেপ করা হয়েছিল, যা বর্তমান সরকার করতে চায় না। তিনি দাবি করেন, বর্তমানে কোনো সংবাদ প্রকাশে চাপ প্রয়োগের অভিযোগ নেই এবং প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, তবে অপতথ্য ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। এআই প্রযুক্তির অপব্যবহারের কারণে ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে তা কাজে লাগানো হচ্ছে। তিনি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা সাংবাদিকদের আবাসন সংকট, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বকেয়া বেতন এবং কর্মসংস্থান সমস্যার বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, সাংবাদিক নেতা, সম্পাদক ও বিভিন্ন পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.