কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত আবেলার্দোর জয়

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থি প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বিজয়ী হয়েছেন। সোমবার (২২ জুন) প্রাথমিক ভোট গণনায় এমন আভাসই পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এই রাজনৈতিক নবাগত সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রাথমিক ফল অনুসারে, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে দে লা এসপ্রিয়েলা পেয়েছেন ৪৯.৭ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী ইভান সেপেদা পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট।

অত্যন্ত কম ব্যবধানে এই জয়ের ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সেপেদা এখনো পরাজয় স্বীকার করতে রাজি হননি। তিনি বলেছেন, চূড়ান্ত যাচাই-বাছাই না হওয়া পর্যন্ত এই ফলাফলকে সরকারি বা চূড়ান্ত বলা যাবে না।

নতুন যুগের সূচনা

বিজয় নিশ্চিত হওয়ার পর বারানকিয়া শহরে হাজারো সমর্থকের সামনে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, এটি আমাদের দেশের জন্য একটি নতুন অধ্যায়ের শুরু। লাখো নাগরিকের স্বাধীন ও গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে এই জয় এসেছে।

তিনি আরও বলেন, যারা তাকে ভোট দেননি, তাদেরও প্রেসিডেন্ট হিসেবে সেবা করবেন এবং দেশের সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখবেন।

অন্যদিকে ইভান সেপেদা বলেছেন, প্রাথমিক ফলকে এখনই চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। পূর্ণাঙ্গ গণনা ও যাচাই প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত ফলাফল জানা যাবে। এই অল্প ব্যবধানের ফল কলম্বিয়ায় রাজনৈতিক বিভাজন আরও গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্‌যাপন আর বিক্ষোভ

বারানকিয়ায় আবেলার্দোর সমর্থকেরা জাতীয় পতাকা, ফুটবল জার্সি, আতশবাজি ও সংগীত নিয়ে বড় করে উদ্‌যাপন করেছেন। অনেকে ‘পেত্রো বিদায়’ স্লোগান দিয়েছেন এবং ‘মেক কলম্বিয়া গ্রেট অ্যাগেইন’ লেখা টুপি পরে উল্লাস করেছেন।

অপরদিকে সেপেদার সমর্থকেরা ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কালী শহরে (কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর) বিক্ষোভকারীরা মার্কিন পতাকায় আগুন দিয়েছেন। পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশিরভাগ এলাকায় অবশ্য পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্রাম্পের প্রতিক্রিয়া

ফল প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেন, তিনি জিতেছেন, বড় ব্যবধানে! ট্রাম্প আবেলার্দোর অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং আইনশৃঙ্খলা জোরদারের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই ও অন্যান্য আঞ্চলিক নেতারাও এই জয়কে নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে বড় পরিবর্তন হিসেবে স্বাগত জানিয়েছেন।

আইনজীবী থেকে রাজনীতিতে

আবেলার্দো দে লা এসপ্রিয়েলা পেশায় আইনজীবী ও ব্যবসায়ী। এর আগে তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তিনি অতীতে কয়েকজন বিতর্কিত ব্যক্তির আইনজীবী হিসেবে কাজ করেছেন, যা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে তিনি বলেছেন, এটা তার পেশাগত দায়িত্ব ছিল।

কঠোর নিরাপত্তা নীতি ও জনতাবাদী বক্তব্যের কারণে অনেকে তাকে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের সঙ্গে তুলনা করছেন।

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.