ককরোচ প্রধানের সাময়িক বিরতি, শিগগিরই ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জ্বর ও তীব্র শরীর ব্যথা থাকা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে বিশ্রাম নিতে বাধ্য হলেও ব্যথানাশক ওষুধ সেবন করে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনস্থলে ফিরবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকেসহ বিক্ষোভকারীরা কয়েক দিন ধরে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে পুলিশের কঠোর সমালোচনাও করেন।

তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সে সময় কিছু বিক্ষোভকারী তাদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছিল।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন এনডিএ জোট ও বিজেপির শীর্ষ নেতারা। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.