বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।
২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত করা হয়েছিলো। এরপর ২০২৫ সালে নির্মাণকাজ পুনরায় শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটির উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি। এর মধ্যে ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। এটি বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন হিসেবেও রেকর্ড গড়বে।
জেদ্দা টাওয়ারে কী কী থাকবে?
গালফ নিউজ জানিয়েছে, টাওয়ারটিতে আবাসিক ফ্ল্যাট, একটি বিলাসবহুল হোটেল, অফিস স্পেস এবং একটি বিশাল ওয়াচ টাওয়ার থাকবে। জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে টাওয়ারটি নির্মাণ করা হচ্ছে। ব্যবসা ও বিলাসবহুল পর্যটন খাতকে জোরদারে সরকারের ৫ কোটি ৭০ লাখ বর্গফুট আয়তনের একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অংশ এটি। প্রকল্পটির নির্মাণকাজ করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি। জেদ্দা ইকোনমিক কোম্পানি এ প্রকল্পে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপের সঙ্গে কাজ করছে।গালফ নিউজ জানিয়েছে, জেদ্দা টাওয়ারের উচ্চতা ১,০০০ মিটার ছাড়িয়ে যাবে। ফলে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
