গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে। আর সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকেও হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।