মালেশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় সোমবার দুপুরে ‘জিএম প্লাজা’ ও ‘হাজী তাইব হোলসেল সেন্টার’-এ এই অভিযান চালানো হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ জানান, অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান চলে। অভিযানের সময় অভিবাসন দপ্তরের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু বিদেশি জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা সম্ভব হয়।
অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) অংশ নেয়।
অভিবাসন সূত্র জানায়, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিদেশি কর্মীর পাসের অপব্যবহার ও অবৈধ অভিবাসী থাকার অভিযোগে এ অভিযান চালানো হয়। মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে বৈধ নথিপত্র না থাকায় ১২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে।
আটকদের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি)–এর অধীনে মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক এক বিদেশি দাবি করেন, তাঁর পাসপোর্ট ও ভিসা বাসায় রয়েছে, তিনি শুধু ঘুরতে বেরিয়েছিলেন। তিনি আরও জানান, একটি এজেন্টকে ৬ হাজার রিঙ্গিতের বেশি অর্থ দিয়ে তিন মাস আগে মালয়েশিয়ায় এসেছেন, তবে এখনো বেকার।
অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল ছয় ধরনের অপরাধে জরিমানা করেছে এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে। এছাড়া কেপিডিএন মূল্য-ট্যাগ সংক্রান্ত সাতটি অপরাধে সাড়ে ৬ হাজার রিঙ্গিত জরিমানা এবং ১১৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করে ২৫টি অপরাধ নথিভুক্ত করেছে। এসব অপরাধে ৫০০ থেকে ৩০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।