ভবন নির্মাণ তদারকির জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনে প্রধান ‍উপদেষ্টার নির্দেশ

নিরাপদ নির্মাণবিধি মানা হচ্ছে কি না—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণকাজের অনুমোদনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদনকালে এ নির্দেশ দেন তিনি। বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায়, যা দেশের সব স্থাপনা ও নির্মাণকাজের অনুমোদন দেবে। বর্তমানে রাজউক শুধু নিজস্ব এলাকায় অনুমোদন দিতে পারে।

শফিকুল আলম আরও জানান, গ্রামাঞ্চলসহ দেশজুড়ে চার থেকে পাঁচতলা যেসব ভবন নির্মাণ হচ্ছে, সেগুলো জাতীয় ভবন নির্মাণ কোড মেনে তৈরি হচ্ছে কি না এবং ভূমিকম্প ও অগ্নিঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন রাজউক অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষাসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, জমির মালিকের ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী নতুন অধ্যাদেশে নির্মাণ, জলাশয় খনন, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহে বাধা, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণি পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। এ ছাড়া অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজউকের চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীদের রাজউকের সঙ্গে সংযুক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.