অবশেষে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হতে পারে জনজীবন।
এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।
আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।
বিডব্লিউওটি জানায়, এরইমধ্যে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমতে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।
সংস্থাটি আরও জানায়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত অসুস্থতা যেমন সাধারণ ফ্লু, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ঠান্ডা আবহাওয়ায় নিরাপদ থাকতে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে উষ্ণ পোশাক পরিধান, গরম পানীয় গ্রহণ এবং জরুরি প্রয়োজন ছাড়া খুব ভোরে বা গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে।
এএস/ন্যাশনালনিউস২৪