গাইবান্ধার সুন্দরগঞ্জের এক মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহমাদউদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত আহমাদউদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ১৬ ডিসেম্বর রাতে নয়ন সুখ গ্রাম-সংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদউদ্দিনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদউদ্দিনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদউদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।
এএস/ন্যাশনালনিউস২৪