স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই দেশে ফিরেছেন তারেক রহমান: হাবিবুর রশিদ হাবিব

ঢাকা-৯ আসনের  বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে দেশে ফিরে এসেছেন। তিনি একটি সমন্বিত জাতীয় পরিকল্পনা নিয়ে এসেছেন, যা কেবল বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের পরিকল্পনা। যুব সমাজকে এক জোট হয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। 

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা-৯ আসনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।হাবিব বলেন, এই বাংলাদেশের মানচিত্র, পতাকা ও ভৌগোলিক সীমারেখা অর্জনের জন্য লাখো শহীদের রক্ত দিতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অসংখ্য সহযোদ্ধা রাজপথে রক্ত ঝরিয়েছেন। অনেকেই আজও নিখোঁজ, অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন শুধুমাত্র এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার সুস্থতার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা চাই, আগামী দিনের নতুন বাংলাদেশের শুভ সূচনা তার হাত ধরেই হোক।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য নিহত সহযোদ্ধা শহীদ ওসমান হাদিসহ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সঙ্গে হাদি হত্যার বিচার দাবি জানান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে শঙ্কা ব্যক্ত করে হাবিব বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে এসেছেন, কিন্তু তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। আমরা চাই তিনি নিরাপদ থাকুন এবং তার নেতৃত্বেই আগামীর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হোক।তিনি আরও বলেন, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে। আমাদের মূল স্বপ্ন বাংলাদেশ।

আমাদের মূল স্বপ্ন বাংলাদেশের মানুষ। আমাদের মূল স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ, যা গড়ে উঠবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।যুবসমাজের উদ্দেশে হাবিব বলেন, তোমরা যারা আজ এখানে উপস্থিত আছো ইনশাল্লাহ তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা যদি নিজেদের ধ্বংস করে ফেলো, তাহলে শুধু তোমরাই ধ্বংস হবে না জাতীয়তাবাদী দল ধ্বংস হবে, এই এলাকা ধ্বংস হবে। এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশ ও দলের ধ্বংসকারীদের আমরা বরদাস্ত করব না।তিনি ছাত্রদলের কর্মীদের উদ্দেশে বলেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুসরণ করি এবং তোমাদের সঙ্গে সবসময় থাকতে চাই। আমরা চাই, তোমরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখো। যদি তোমাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা তোমাদের পাশ থেকে সরে যাব, তবে তার আগে সর্বোচ্চ চেষ্টা করব, যেন তোমরা সেই ভুল পথ থেকে ফিরে আসো। কারণ বারবার বলছি তোমরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, তোমরাই ঢাকা–৯ এর আগামীর ভবিষ্যৎ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ১ নম্বর সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজিমুল হাসান চৌধুরী, সহ-সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাহবুব আলম শাহিন, অর্থ সম্পাদক ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্যার এ এফ রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মেহেদী হাসান মুন্না, সদস্য সচিব ফজিলতুন নেসা হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল জান্নাতুন ফেরদৌস ইতি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.