সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতারা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার নেতারা শোক জানিয়েছেন।
এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, কানাডা, জার্মানি, ইরান, থাইল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটানসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক মিশনগুলো শোক প্রকাশ করেছে।শোক বার্তায় জাতিসংঘ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।
চীন দূতাবাস জানায়, গণতন্ত্র ও স্বাধীনতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে আমরাও শোকাহত।ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছে, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। জার্মান দূতাবাস, ফ্রান্স দূতাবাস, জাপান দূতাবাস, ইরান দূতাবাস, অস্ট্রেলিয়া হাইকমিশন ও কানাডা হাইকমিশন শোক জানিয়েছে।
শোকবইয়ে স্বাক্ষর করেছেন ২৮ কূটনীতিক
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে।