ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ বাবার মৃ/ত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
শনিবার (৩ জানুয়ারি) সকালে মেয়ে নাশিতা তাসনিমকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষমাণ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও নগরের বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

মো. ইব্রাহীম খলিলের পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।
এএস/ন্যাশনালনিউস২৪ 

Leave A Reply

Your email address will not be published.