সাবেক এমপি সেখ সালাহউদ্দিনসহ তার ভাই-বোনের ১২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং মধুমতি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যদের ১২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন  ঢাকার একটি আদালত। 

একই সঙ্গে তাদের তিনটি এমএফএস (মোবাইল ব্যাংকিং) হিসাব, তিনটি বিও হিসাব এবং একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।

আজ রোববার ( ৪ ডিসেম্বর)  মামলার তদন্ত সংস্থা (সিআইডি)’র আবেদনের পরিপ্রেক্ষিতে  এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলোর মালিকদের মধ্যে রয়েছেন সেখ সালাহউদ্দিন জুয়েলের তিন ভাই; সেখ সোহেল, সেখ জালাল উদ্দিন রুবেল ও সেখ বেলাল উদ্দিন এবং তার বোন তাহমিনা খবির।

সিআইডির আবেদনে বলা হয়, সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার ভাই-বোন ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাবসহ অন্যান্য আর্থিক হিসাবগুলোর লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব, এমএফএস, বিও হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। এরই পরিপ্রেক্ষিতে আদালত আজ এই অবরুদ্ধের আদেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.