বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শসভা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এটি নিয়মিত ও কাঠামোবদ্ধ দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং উরুগুয়ের পক্ষে দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো আন্তোনিও গুয়ানি আমারিলা সমঝোতা স্মারকে সই করেন এবং নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সভায় উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, কৃষি, ক্রীড়া এবং সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের (চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) মধ্যে নিয়মিত যোগাযোগ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।