ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় চার ডলার বেড়ে গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ ডলার ১৫ সেন্টে উন্নীত হয়েছে। একই সঙ্গে মার্কিন তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ ডলার ৭৮ সেন্টে দাঁড়িয়েছে, যা গত ৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ।
ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি তেলের বাজারে এই অস্থিরতা তৈরি করেছে।
ইরানে ১৬ দিন ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৬৪৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু সামরিক পদক্ষেপের হুমকিই দেননি, বরং তিনি ঘোষণা করেছেন যে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, তাদের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে।