সংগঠনটির পক্ষ থেকে বলা হয় তাদের হাতে থাকা তথ্যানুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকারসংশ্লিষ্ট বাহিনীর (আইনশৃঙ্খলা রক্ষাকারী) সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। এ ছাড়া এমন ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; যাঁরা বিক্ষোভে অংশ নেননি।
সংগঠনটি আরও জানায়, এই বিক্ষোভের মধ্যে ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকটের জেরে এ বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। ইরানের দাবি, তাদের শত্রুরা বিক্ষোভে উসকানি দিচ্ছে।
ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষের নিহত হয়েছে। গতকাল ওই কর্মকর্তা বলেছেন, নিহতের এ সংখ্যায় বিক্ষোভকারীদের পাশাপাশি সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
নিহতের এ সংখ্যা গত কয়েক দশকে ইরানে হওয়া যেকোনো বিক্ষোভ বা অস্থিরতার সময়কার মৃত্যুসংখ্যাকে ছাড়িয়ে গেছে। এবারের বিক্ষোভ দেশটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব ঘিরে সৃষ্ট পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে।
এদিকে ইরানের বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সাহায্য আসছে।’ গতকাল নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
এমন সময়ে ট্রাম্প এ আহ্বান জানালেন, যখন বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ স্তিমিত হয়ে যাওয়ার খবর আসছে।