রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ গ্রেফতার ১৮

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের ধারাবাহিক তৃতীয় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ দুষ্কৃতকারী ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এটি বসিলা আর্মি ক্যাম্পের তৃতীয় ধারাবাহিক অভিযান।

বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্ট ফোন, মাদক বিক্রির নগদ ৪০,২০০ টাকা এবং ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে।

Leave A Reply

Your email address will not be published.