ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম আউন্সে ছাড়ালো ৫ হাজার ডলার

বিশ্ববাজারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে। ইউরোপ থেকে কানাডা পর্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

চলতি বছরের প্রথম ২৬ দিনেই স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর আগে, ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়ে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।

২০২৬ সালে স্বর্ণের এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এসব সিদ্ধান্ত বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোভুক্ত মিত্রদের বিরুদ্ধে (পরে প্রত্যাহার করা) শুল্ক আরোপের হুমকি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সামরিক অভিযানের ঘোষণা এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ।
এছাড়া দুর্বল মার্কিন ডলার, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং চলতি বছরে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাতে পারে—এমন পূর্বাভাসও সোনার চাহিদা বাড়িয়েছে।রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৮ ডলারে পৌঁছায়।

Leave A Reply

Your email address will not be published.