চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মাসুদ বলেন, আদালতে এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোন বাধা রইল না।
আদালতে শুনানিতে সরওয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার ফয়সল মাহমুদ ফয়েজি।
বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরকে নির্বাচনের মাঠের বাইরে রাখতে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন ছয়টি সিভিল পিটিশন দায়ের করেন। ২২ শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজের সর্বশেষ আদেশে বলা হয় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা হবে না।আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের করা এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন।
সরওয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, এই আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বচনে অংশগ্রহণে আর কোন বাধা রইল না। তিনি চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।