মুন্সীগঞ্জে মার্কেট দখলচেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আলমগীর বালাশুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন।

আহতরা হলেন- তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২) তুষার (২৪), আব্দুর রহমানসহ (২৩) আরও কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের যানা যায়, হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় ব্যর্থ হন তারা। এরপর সম্প্রতি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়।

সর্বশেষ মঙ্গলবার সকালে পুনরায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসপাতালেই মারা যান।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন আহত হাসপাতালে আসে। এ সময় আলমগীর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে আমরা তাকে মিটফোর্ডে রেফার করি। পরবর্তীতে মিটফোর্ড হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় উত্তেজিত স্বজন ও এলাকাবাসী ঢাকা-দোহার সড়ক অবরোধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply

Your email address will not be published.