গণভোটের ফল স্থগিতের রিট চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মনিরের

গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।’

শিশির মনির বলেন, ‘গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করব ইনশাআল্লাহ।’

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে এবং গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিট দায়ের করার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি বলেন, ‘মূলত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে। পাশাপাশি এটি বাতিল চেয়েছি।’

বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে।

Leave A Reply

Your email address will not be published.