শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন : ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

আজ বুধবার তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।’

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনও যত দ্রুত সময়ে সম্ভব অনুষ্ঠিত হবে। তবে রমজান মাসের মধ্যে হবে না। ঈদের পরে এটি হবে ইনশাআল্লাহ।’

সোমবার বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।’

এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করে ইসি।

Leave A Reply

Your email address will not be published.