মানুষকে ডাক্তারের পিছনে নয়, ডাক্তারই মানুষের পিছনে যাবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল ।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসাসেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, “যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি যেমন আমাদের দায় রয়েছে, যারা ভোট দেননি, তাদের প্রতিও আমাদের সমান দায়ভার রয়েছে।” সব ধরনের প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে সরকারের লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি দেশের প্রয়োজনীয় অন্যান্য স্থানেও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নরসিংদীর ২৫০ শয্যার হাসপাতালসহ যে-সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলায় দুটি আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নরসিংদীতে এলে মনোহরদী-বেলাবসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave A Reply

Your email address will not be published.